১ এপ্রিল থেকেই মিলবে ‘বাংলার যুব সাথী’ ভাতা, মাসে ১৫০০ টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা

সঙ্কেত ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী বাজেটে ঘোষিত ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের ভাতা নির্ধারিত সময়ের আগেই চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৫ই আগস্টের পরিবর্তে ১লা এপ্রিল থেকেই এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে।

মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যোগ্য বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত সপ্তাহে ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।

সরকারি সূত্রে জানা গেছে, ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সী শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা ৫ বছরের জন্য দেওয়া হবে। পাঁচ বছর পরও যদি কোনো উপভোক্তা কর্মসংস্থান না পান, তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন (স্কলারশিপ বাদে), তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে যাঁরা ছাত্রছাত্রী হিসেবে স্কলারশিপ পাচ্ছেন, তাঁরাও এই ভাতার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সহজ করতে রাজ্য সরকার‘দুয়ারে সরকার’-এর ধাঁচে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীদের একটি প্রাপ্তি স্বীকার রসিদ দেওয়া হবে।

এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমেও জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *