১ এপ্রিল নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী’র টাকা! ধরনা মঞ্চ থেকে মাস্টারস্ট্রোক মমতার
নিজস্ব প্রতিবেদন:ভোটমুখী বাংলায় বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকার ভাতা বা যুবসাথপ্রকল্পের টাকা পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আজ, শনিবার ৭ই মার্চ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ভাতার টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকেই এই মেগা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।
বাজেটে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যের মাধ্যমিক পাশ করা কর্মহীন যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। প্রথমে শোনা গিয়েছিল অগস্ট থেকে এই টাকা দেওয়া হবে। পরে সেই সময়সীমা এগিয়ে ১ এপ্রিল করা হয়েছিল। কিন্তু আজ ধরনা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, “১ এপ্রিল থেকে যেটা ঢোকার কথা ছিল, সেটা আজ থেকেই ঢুকবে। আমরা যেটা বলি, সেটা করি।”
নির্বাচনের ঠিক আগে সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। বিরোধীদের অভিযোগ, ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে শাসক দল। তবে এই সমালোচনায় কান দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি আজ মনে করিয়ে দেন, “লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে ঢুকতে শুরু করেছে। এবার যুবসাথীর টাকাও আজ থেকে পাবেন।”
যুবসাথী প্রকল্পের মূল তথ্য:
* ভাতার পরিমাণ: প্রতি মাসে ১৫০০ টাকা।
* যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকা কর্মহীন যুবক-যুবতী।
* টাকা পাওয়ার মাধ্যম: সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT)।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ধর্মতলায় যখন কেন্দ্রীয় বঞ্চনা ও অবাধ নির্বাচনের দাবিতে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই মঞ্চ থেকেই এই ধরণের জনমুখী ঘোষণা এক ঢিলে দুই পাখি মারার মতো। একদিকে যেমন আমজনতার কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া গেল, তেমনই বিরোধীদের ‘ভোট কেনা’র অভিযোগকেও কার্যত গুরুত্ব দিলেন না তিনি।এই ঘোষণার পর যুবসমাজের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া।
