দুই পুরনিগমে মজুরি বৈষম্যের অভিযোগ, দুর্গাপুরে সাফাই কর্মীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর:একই জেলার দুই পুরনিগমে সাফাই কর্মীদের মজুরিতে বড় ধরনের বৈষম্যের অভিযোগ তুলে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শ্রমিকরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোল—এই দুই পুরনিগমে কর্মরত সাফাই কর্মীদের দৈনিক মজুরিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে দাবি শ্রমিক সংগঠনের।
শ্রমিকদের অভিযোগ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাফাই কর্মীরা দৈনিক ৪০০ টাকা মজুরি পেলেও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে একই ধরনের কাজের জন্য দেওয়া হয় মাত্র ২০২ টাকা। একই জেলার মধ্যে এই বৈষম্য মেনে নেওয়া যায় না বলেই দাবি তাদের।
এই বৈষম্যের প্রতিবাদে সোমবার আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের উদ্যোগে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গান্ধীমোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে মিছিল শুরু করে সাফাই কর্মীরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে এসে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় এবং আইএনটিইউসি-র জেলা সভাপতি সুভাষ সাহা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ শেষে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে দুর্গাপুর কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত মজুরি বৈষম্য দূর করে দুর্গাপুরের সাফাই কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।
