একুশের মহারণ: কালীঘাট থেকে ২৯১ প্রার্থীর মেগা তালিকা মমতার, এক নজরে দেখে নিন ঘাসফুলের পূর্ণাঙ্গ ফৌজ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের রেশ কাটতে না কাটতেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল শাসকদল। একুশের মহারণে জয়ের ধারা বজায় রাখতে এবার একসঙ্গে রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। দার্জিলিঙের তিনটি আসন অনীত থাপাদের ছেড়েছে তৃণমূল। এবারের তালিকায় যেমন অভিজ্ঞ রাজনীতিবিদদের ওপর ভরসা রাখা হয়েছে, তেমনই রয়েছে একাধিক বড়সড় চমক।

উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের রণকৌশল
উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে উদয়ন গুহ(দিনহাটা),গৌতম দেব (শিলিগুড়ি) এবং পরেশচন্দ্র অধিকারীর (মেখলিগঞ্জ) মতো হেভিওয়েটদের ওপর ভরসা রেখেছে জোড়াফুল। মুর্শিদাবাদে সাবিনা ইয়াসমিন(সুজাপুর), জাকির হোসেন(জঙ্গিপুর) এবং বায়রন বিশ্বাস(সাগরদিঘী)-কে সামনে রেখে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক অটুট রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। এছাড়া খড়গ্রামে আশিস মার্জিতএবং কান্দিতে অপূর্ব সরকারলড়ছেন।

নদীয়া ও উত্তর ২৪ পরগনার সমীকরণ

নদীয়া জেলায় অভিজ্ঞতার পালে হাওয়া দিতে পুন্ডরীকাক্ষ সাহা(নবদ্বীপ) ও উজ্জ্বল বিশ্বাস(কৃষ্ণনগর দক্ষিণ)-এর পাশাপাশি নতুন মুখ অভিনব ভট্টাচার্য (কৃষ্ণনগর উত্তর)-কে আনা হয়েছে। রানাঘাট দক্ষিণে সৌগত কুমার বর্মন ,কল্যাণী থেকে অতীন্দ্রনাথ মন্ডল এবং হরিণঘাটায় রাজীব বিশ্বাস লড়ছেন।

উত্তর ২৪ পরগনায় গ্ল্যামার ও রাজনীতির মিশেলে বারাসাতে সব্যসাচী দত্ত, বিধাননগরে সুজিত বসু, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং ব্যারাকপুরে তারকা পরিচালক রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। নজরকাড়া অন্যান্য নামগুলি হলো:
নারায়ণ গোস্বামী(অশোকনগর), সুবোধ অধিকারী(বীজপুর), সনৎ দে (নৈহাটী), দেবদ্বীপ পুরোহিত(খড়দহ), বিনা মন্ডল(স্বরূপনগর), ঊষারানি মন্ডল(মিনাখাঁ) এবং মহম্মদ মুফতি আব্দুল মাতিন(হাড়োয়া)।

দক্ষিণ বঙ্গে ও মেদিনীপুরের দুর্গ রক্ষা
দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল ও কৃষি বলয়ে হেভিওয়েটদের ভিড়। শ্যামপুকুরে শশী পাঁজা, চন্দননগরে ইন্দ্রনীল সেন, শ্রীরামপুরে তন্ময় ঘোষ এবং সবং-এ অভিজ্ঞ মানস ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তমলুক থেকে দীপেন্দ্র নারায়ণ রায় এবং মেদিনীপুর সদরে প্রদীপ সরকার লড়ছেন। হাই-ভোল্টেজ নন্দীগ্রামে ঘাসফুলের বাজি পবিত্র কর।

অন্যান্য প্রার্থীদের তালিকা:
পূর্ব মেদিনীপুর:চন্ডিপুর (উত্তম বারিক), এগরা (তরুণ মাইতি), মহিষাদল (তিলক চক্রবর্তী), ময়না (চন্দন মন্ডল)।
পশ্চিম মেদিনীপুর: কেশিয়াড়ি (রামজীবন মান্ডি), ডেবরা (রাজিব ব্যানার্জি), শালবনী (শ্রীকান্ত মাহাতো), কেশপুর (শিউলি সাহা)।
জঙ্গলমহল ও বর্ধমানের ঘাসফুল শিবির
পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভূমিপুত্রদের প্রাধান্য দেওয়া হয়েছে। বলরামপুরে শান্তিরাম মাহাতো, বাঘমুন্ডিতে সুশান্ত মাহাতো, পাড়ায় মানিক বাউরী এবং শালতোড়ায় উত্তম বাউরী লড়ছেন। বাঁকুড়া ও বিষ্ণুপুর থেকে তন্ময় ঘোষ ও ফাল্গুনী সিংহ(তালডাংরা)-এর নাম ঘোষণা করা হয়েছে। বর্ধমান দক্ষিণ থেকে খোকন দাস, মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরী এবং পূর্বস্থলি দক্ষিণে লড়ছেন স্বপন দেবনাথ।

বীরভূমের লাল মাটি
অনুব্রত মণ্ডলের গড়ে বোলপুর থেকে চন্দ্রনাথ সিনহা, রামপুরহাটে আশিস ব্যানার্জি, দুবরাজপুরে নরেশ চন্দ্র বাউরী এবং হাসন কেন্দ্রে কাজল শেখ-এর মতো লড়াকু নেতাদের ওপর আস্থা রাখা হয়েছে।

এক নজরে দেখে নিন বাকি তালিকা:
সিতাই (সঙ্গীতা রায় বাসুনিয়া), রাজগঞ্জ (স্বপ্না বর্মন), গোঘাট (নির্মল মাঝি), ধনেখালি (অসীমা পাত্র), নয়াগ্রাম (দুলাল মুর্মু), বড়জোড়া (গৌতম মিশ্র), ওন্দা (সুব্রত দত্ত), ইন্দাস (শ্যামলী রায়), রায়না (মনদিয়া দোলুই), মেমারি (রাসবিহারী হালদার), ভাতার (শান্তনু কোনার), কেতুগ্রাম (শেখ শাহনাজ), আউসগ্রাম (শ্যামাপ্রসন্ন লোহার), পাণ্ডবেশ্বর (নরেন্দ্রনাথ চক্রবর্তী), দুর্গাপুর পূর্ব (প্রদীপ মজুমদার), মালতিপুর (আব্দুল রহিম বকসি), ইংরেজবাজার (আশিস কুন্ডু), ময়ূরেশ্বর (অভিজিৎ রায়)।

রাজনৈতিক মহলের মতে, এই তালিকা থেকে স্পষ্ট—একুশের জয়ের ধারা বজায় রাখতে কোনো ঝুঁকি নিতে নারাজ তৃণমূল। এখন দেখার, এই ‘টিম মমতা’ ভোটের ময়দানে কুপোকাত করতে পারে কি না পদ্ম শিবিরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *