নিজস্ব প্রতিবেদন, আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। ভোটের ঠিক মুখে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ পদে আনা হল পরিবর্তন। বিদায়ী কমিশনার সুনীল কুমার চৌধুরীর জায়গায় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বভার তুলে দেওয়া হল ২০০৩ ব্যাচের আইপিএস আধিকারিক ডঃ প্রণব কুমারের হাতে। কমিশন সূত্রে খবর, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই রদবদল অবিলম্বে কার্যকর করতে হবে। শুধু আসানসোল-দুর্গাপুরই নয়, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুলিশি পদেও আনা হয়েছে বদল। রাজনৈতিক মহলের মতে, শিল্পাঞ্চলের স্পর্শকাতর বুথ এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই অভিজ্ঞ আধিকারিককে বেছে নিয়েছে কমিশন। পাশাপাশি, বিদায়ী কমিশনার সুনীল কুমার চৌধুরীকে আপাতত নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কমিশনারকে দ্রুত কাজে যোগ দিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের আগে এই হাই-প্রোফাইল বদলি ঘিরে সরগরম শিল্পাঞ্চল। ডঃ প্রণব কুমারের নেতৃত্বে আসানসোল ও দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরিচালনা কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। Share Post Whatsapp Share Post navigation শিল্পাঞ্চলে অকাল বসন্ত: প্রার্থী ঘোষণা হতেই দুর্গাপুরে আবির খেলা, ‘প্রদীপ’ সমীপে “কবি” দুর্গাপুর পশ্চিমে প্রচারে গতি, দেয়াল লিখনে সরাসরি অংশ নিলেন তৃণমূল প্রার্থী কবি দত্ত