৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে ‘বিবেচনাধীন’ তালিকায়, সাপ্লিমেন্টারি কবে? জবাব দিল কমিশন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে। প্রস্তুতির তুঙ্গে সব রাজনৈতিক দল। কিন্তু এর মাঝেই বড় প্রশ্নচিহ্ন ঝুলছে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্যে। তাঁদের নাম এখনও রয়েছে ‘বিবেচনাধীন’ তালিকায়। ফলে, তাঁরা আদৌ এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় এই বিপুল সংখ্যক ভোটারের নাম বিবেচনাধীন হিসেবে রাখা হয়। এরপর গত দু’সপ্তাহ ধরে সেই তালিকা খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে কমিশনের দাবি।

প্রশ্ন উঠছে, সেই নিষ্পত্তি হওয়া নামগুলি কবে প্রকাশ্যে আসবে? কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানালেন, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা খুব শিগগিরই প্রকাশিত হতে পারে। তাঁর কথায়, “এই সপ্তাহের মধ্যেই তালিকা প্রকাশের চেষ্টা চলছে। বিচারবিভাগীয় আধিকারিকদের কাছ থেকে তথ্য পেলেই এক-দু’দিনের মধ্যে তা প্রকাশ করা সম্ভব। সব ঠিক থাকলে শুক্রবার বা শনিবারই তালিকা বেরোতে পারে।” অর্থাৎ, তার আগে এই তালিকা প্রকাশের সম্ভাবনা কার্যত নেই বলেই ইঙ্গিত মিলেছে।

তবে উদ্বেগ কাটছে না। কারণ, এখনও প্রায় ৩৯ লক্ষ নামের নিষ্পত্তি বাকি। অথচ রাজ্যে ভোট মাত্র এক মাসের ব্যবধানে—দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল। এত অল্প সময়ে বাকি নাম যাচাই ও সিদ্ধান্ত নেওয়া আদৌ সম্ভব কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আরও একটি জটিলতা রয়েছে। যাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের ট্রাইবুনালে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া শুরু ও শেষ করার জন্য প্রয়োজন সময়। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সেই সময়সীমা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।ভোটের আগে এমন অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর বাড়াচ্ছে। এখন নজর, কমিশন নির্ধারিত সময়ের মধ্যে কতটা স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে এই জট খুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *