নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাজনীতির ময়দানে তিনি নতুন মুখ হতে পারেন, কিন্তু মানুষের ঘরের আঙিনায় পৌঁছে যেতে কসুর করছেন না দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। বুধবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টার সংলগ্ন ডেলি মার্কেট ও হাউসিং কলোনি এলাকায় দীর্ঘক্ষণ প্রচার সারলেন তিনি। আর সেই প্রচার-পর্বে সাধারণ মানুষের যে ‘উষ্ণ অভ্যর্থনা’ পেলেন, তাতেই আপ্লুত ঘাসফুল শিবিরের এই প্রার্থী।
এ দিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হাউসিং কলোনির অলিগলিতে ঘুরতে দেখা যায় কবি দত্তকে। কেবল হাত জোড় করে নমস্কার জানানোই নয়, রীতিমতো বাড়ির অন্দরমহলে ঢুকে বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় মাতেন তিনি। মন দিয়ে শোনেন স্থানীয়দের অভাব-অভিযোগ ও সমস্যার কথা।
প্রার্থীর উপলব্ধিতে কী উঠে এল?
দীর্ঘক্ষণ জনসংযোগ সেরে কবিবাবুর সাফ কথা, “আমি আগাগোড়াই বলে আসছি, আমি পেশাদার রাজনীতিবিদ নই। কিন্তু প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। মানুষের এই ভালোবাসার মর্যাদা রক্ষা করাই এখন আমার প্রধান লক্ষ্য।” নিজের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন: “মানুষের থেকে যে আশীর্বাদ ও ভালোবাসা আজ পাচ্ছি, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই ভালোবাসাই আমাকে আগামীর জন্য আরও বেশি দায়িত্বশীল করে তুলছে।”
এ দিনের কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব ও একঝাঁক উৎসাহী কর্মী-সমর্থক। প্রচারের ফাঁকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ডায়েরি বন্দি করতেও দেখা গেল অনেককে। রাজনৈতিক মহলের মতে, শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে ‘অরাজনৈতিক’ ভাবমূর্তিকে হাতিয়ার করেই সাধারণ ভোটারদের মনের কাছাকাছি পৌঁছতে চাইছেন কবি দত্ত। এখন দেখার, এই জনসমর্থন শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়।