নিজস্ব সংবাদদাতা, পান্ডবেশ্বর: নির্বাচনী বিধি ভেঙে শিশুদের রাজনৈতিক প্রচারে ব্যবহারের অভিযোগ উঠল পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় সঙ্কেত), যেখানে দেখা যাচ্ছে একঝাঁক শিশু-কিশোরের সঙ্গে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন পদ্ম-প্রার্থী। আর এই ঘটনাকে ঘিরেই ভোটের মুখে তপ্ত শিল্পাঞ্চলের রাজনীতি।
ভিডিওটিতে দেখা গিয়েছে, বেশ কিছু অল্পবয়সী ছেলে-মেয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিচ্ছে। শুধু তাই নয়, শিশুদের গলায় শোনা যাচ্ছে— “পদ্মফুলে ভোট দিন, নরেন্দ্র মোদীকে ভোট দিন।” শিশুদের সঙ্গে তাল মিলিয়ে স্লোগান দিতে দেখা গিয়েছে খোদ জিতেন্দ্রকেও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল শিবির।
বিতর্ক দানা বাঁধতেই অবশ্য সাফাই দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, শিশুদের তিনি ডেকে আনেননি। তিনি বলেন,“প্রচারের সময় কিছু বাচ্চা সামনে চলে এসেছিল। এখন ওদের কি আমি ধাক্কা দিয়ে সরিয়ে দেব? ছোট বাচ্চারা রাজনীতির কিছুই বোঝে না, ওরা নিজেদের মতো করে স্লোগান দিয়েছে। ওদের কি তাড়িয়ে দেওয়া যায়?”
যদিও বিজেপি প্রার্থীর এই যুক্তি অবশ্য মানতে নারাজ শাসক দল। তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকার ইতিমধ্যেই ওই ভিডিওর প্রতিলিপি-সহ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পঙ্কজবাবুর অভিযোগ, “বিজেপি প্রার্থী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। শিশুদের নিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ানো যায় না। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ।”
নির্বাচন কমিশন সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে ভোটের ময়দানে শিশুদের জড়ানো নিয়ে যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, তাতে সরগরম পান্ডবেশ্বর।