নিজস্ব প্রতিবেদন, কলকাতা: চৈত্রের শেষলগ্নে কি তবে কালবৈশাখীর দাপট? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা শুরু হবে। শনি ও রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়ার পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। উত্তর থেকে দক্ষিণ— ভিজবে প্রায় সব জেলাই। আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।
সপ্তাহান্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ন’টি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দেখা মিলবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনাতেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।হাওয়া অফিস জানাচ্ছে, উল্লিখিত জেলাগুলোতে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
রবিবার থেকেই মূলত আবহাওয়া আরও মারমুখী হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির দাপট বাড়বে।এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি। কলকাতা-সহ বাকি জেলাগুলোতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সপ্তাহের শুরুতে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা।
সোমবার দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এখানে কমলা সতর্কতা বলবৎ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।মঙ্গলবারও বৃষ্টির বিরাম নেই। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের দাপট থাকবে সবথেকে বেশি।
লাগাতার দহনজ্বালার পর এই বৃষ্টি নিশ্চিতভাবেই স্বস্তির পরশ আনবে জনজীবনে। তবে ঝোড়ো হাওয়ার দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। তাই আগামী কয়েকদিন বাড়ির বাইরে বেরনোর আগে আকাশের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার সম্ভাবনা থাকলেও, বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।