দুর্গাপুরে গাঁজা পাচারের ছক,বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার চারজন

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: আন্তঃরাজ্য মাদক পাচারের একটি বড়সড় ছক ভেস্তে দিল দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিন মহিলা ও এক পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে মোট ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভিতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল ওই মাদক। ধৃতরা হল উড়িষ্যার বাসিন্দা অনিতা ধুনিয়া, ঝাড়খণ্ডের বাসিন্দা রোস নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঝাড়খণ্ড থেকে বাসে করে গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহ করার পরিকল্পনা ছিল। পুলিশের দাবি, ধৃতরা একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *