বাজেটে দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা, পূর্ব ভারতের উন্নয়নে জোর কেন্দ্রের
সঙ্কেত ডেস্ক: সাধারণ বাজেটে দুর্গাপুরে নয়া শিল্প করিডর গড়ে তোলার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণে তিনি জানান, পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। সেই লক্ষ্যেই তৈরি হবে ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর, যার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে দুর্গাপুরে।
এছাড়াও পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। পরিবহণ ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব করতে ৪,০০০টি ইলেকট্রিক বাস চালুর প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে।
বাজেট ঘোষণার পাশাপাশি রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এসআইআর প্রক্রিয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পর পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। ২০২১ সালের নির্বাচনী সূচি অনুযায়ী এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ শেষ হওয়ার সম্ভাবনা, ফলপ্রকাশ হতে পারে মে মাসের শুরুতে।
এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করছে বলে রাজনৈতিক মহলের মত। রেল পরিকাঠামো উন্নয়নে নতুন ট্রেন ও রেলপথের উদ্বোধন, নতুন প্রকল্পের অনুমোদনের খবর নিয়মিত সামনে আসছে। সেই ধারাবাহিকতাই বজায় থাকল এবারের সাধারণ বাজেটেও।
বাংলার জন্য আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে যে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে, তার মধ্যে শিলিগুড়িও অন্তর্ভুক্ত। শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডর গড়ে তোলা হবে, যার ফলে ভবিষ্যতে বুলেট ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে ডানকুনিতে একটি ফ্রেট করিডর তৈরির ঘোষণাও করা হয়েছে। পূর্ব ডানকুনি থেকে পশ্চিমে সুরাট পর্যন্ত এই করিডর তৈরি হলে পণ্য পরিবহণে বড় সুবিধা হবে বলে কেন্দ্রের দাবি। বাজেটের এই ঘোষণাগুলিকে ঘিরে দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।
