নির্বাচনে ‘জিরো টলারেন্স’ বার্তা, SIR ও ভোটের দফা নিয়ে স্পষ্ট ইঙ্গিত নির্বাচন কমিশনের
সঙ্কেত ডেস্ক: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করল নির্বাচন কমিশন। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে আয়োজিত হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের (CP) স্পষ্ট ও কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ্ কুমার। তিনি জানিয়ে দেন, নির্বাচন চলাকালীন সমস্ত প্রশাসনিক আধিকারিককে কেবলমাত্র নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে হবে। নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
ভোটার তালিকা নিয়ে রাজ্যে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তার মাঝেই কমিশনার স্পষ্ট করেন যে তালিকায় স্বচ্ছতা আনতেই ‘এসআইআর’ (SIR) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাঁর বক্তব্য, জনপ্রতিনিধিত্ব আইন মেনেই এই প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়েছে।
কমিশনের তরফে ইতিমধ্যেই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (AERO) নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোটার তালিকা সংক্রান্ত বকেয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করা হয়। রাজনৈতিক নেতারা মতামত প্রকাশ করতে পারেন বলেও জানান তিনি, তবে কমিশনের নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই তালিকা তৈরি হয়েছে বলে দাবি করেন।
এদিকে বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। সেই প্রসঙ্গেও এদিন ইঙ্গিত দেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, রাজ্যে কত দফায় নির্বাচন হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর। রাজ্য পুলিশ ও প্রশাসন কমিশনকে আশ্বস্ত করেছে যে এবারের নির্বাচন হিংসামুক্তভাবে সম্পন্ন করা সম্ভব।
একই সঙ্গে প্রশাসনের উদ্দেশে কমিশনের কড়া বার্তা, ভোটের সময় কোনো ধরনের রাজনৈতিক চাপ বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। ভোটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা ওই সময় রাজ্য সরকারের নয়, সরাসরি নির্বাচন কমিশনের অধীনেই কাজ করবেন। কোনো স্তরে পক্ষপাতিত্বের অভিযোগ প্রমাণিত হলে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কঠোর ব্যবস্থা নেবে বলেও স্পষ্ট করে দেন জ্ঞানেস কুমার।
এই বৈঠকের মাধ্যমে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক মহলে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন, পাশাপাশি ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে এসআইআর প্রক্রিয়ার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
