নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ভরদুপুরে প্রচারের চড়া রোদ, তার মাঝেই জনসংযোগের এক অন্য ছবি ধরা পড়ল দুর্গাপুর বাসস্ট্যান্ডে। হুডখোলা জিপ বা পদযাত্রার চেনা গণ্ডি ছাড়িয়ে আচমকাই সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। বাসস্ট্যান্ডের এক চায়ের দোকানে বসে বাসচালক, খালাসী এবং স্থানীয় দোকানদারদের সঙ্গে আড্ডায় মাতলেন তিনি। হাতে চায়ের ভাঁড় নিয়ে সারলেন কুশল বিনিময়।
শনিবার ডুমুরতলা এলাকায় ৪০ নম্বর ওয়ার্ডে নির্ধারিত পদযাত্রা ছিল প্রার্থীর। সেখান থেকে শ্যামপুর যাওয়ার পথেই হঠাৎ গাড়ি থামিয়ে বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি। কোনো আড়ম্বর নয়, বরং ঘরের ছেলের মতোই বেঞ্চে বসে চায়ের তৃপ্তিতে মাতলেন কবি।জনসংযোগের নতুন রসায়নে বাস চালক ও পরিবহণ কর্মীদের সঙ্গে বসে তাঁদের প্রতিদিনের অভিজ্ঞতার কথা শোনেন প্রার্থী। দীর্ঘক্ষণ চলে অভাব-অভিযোগ আর প্রত্যাশার আদান-প্রদান।ঘরের কাছে প্রার্থীকে পেয়ে খুশি এলাকার ব্যবসায়ীরাও। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝে এই ‘চায়ে পে চর্চা’ এলাকায় এক অন্যরকম আবহ তৈরি করে।
চা-বিরতি শেষে কবি দত্ত জানান, “মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। প্রচারের ফাঁকে এই সামান্য সময়টুকু মানুষের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়। তাঁদের সমস্যা ও অভিজ্ঞতার কথা সশরীরে শোনাই আমার মূল লক্ষ্য।”
এদিন ডুমুরতলা থেকে শ্যামপুর পর্যন্ত তাঁর এই যাত্রাপথে কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে বাসস্ট্যান্ডের এই ঝটিকা সফর এবং সাধারণ শ্রমজীবী মানুষের সঙ্গে তাঁর স্বতঃস্ফূর্ত মেলামেশা রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। বিরোধীদের টেক্কা দিতে কবি যে ‘মাটির মানুষ’ ইমেজেই ভরসা রাখছেন, তা এদিন স্পষ্ট হয়ে গেল।