নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এই হাই-ভোল্টেজ লড়াইয়ে দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান কেন্দ্র ‘রাঢ় বঙ্গ’ পকেটে পুরতে কোমর বেঁধে ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি। সোমবার দুর্গাপুরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে আয়োজিত হলো বিজেপির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি বৈঠক।
শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রণকৌশল নির্ধারণ
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক হেভিওয়েট কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সভার মূল দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা নির্বাচন ইনচার্জ ভূপেন্দ্র যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার সহ-প্রভারী মঙ্গল পাণ্ডে।
রাঢ় বঙ্গের উপর বিশেষ নজর
বৈঠকে মূলত রাঢ় বঙ্গ জোনের জেলাগুলির ওপর আলোকপাত করা হয়। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বোলপুর, কাটোয়া এবং বীরভূম— এই জেলাগুলির প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, কনভেনর, জেলা সভাপতি এবং ইনচার্জরা এই সভায় অংশ নেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জেলাগুলিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং বুথ স্তরের কাজ খতিয়ে দেখতেই এই বিশেষ আয়োজন। কেন্দ্রীয় নেতারা প্রত্যেক প্রার্থীকে জয়ের জন্য বিশেষ ‘টিপস’ দেন এবং প্রচারের রূপরেখা বুঝিয়ে দেন।
লক্ষ্য: ২৩শে এপ্রিল
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। এই দিনটিকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বৈঠকে বক্তারা দাবি করেন, বর্তমানে রাজ্যে এক তীব্র ‘প্রতিষ্ঠান বিরোধী’ হাওয়া বইছে। সাধারণ মানুষের মনে একটাই সুর প্রতিধ্বনিত হচ্ছে— “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”।
এক নজরে বৈঠকের মূল নির্যাস ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’।২৩শে এপ্রিলের ভোটে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করা।তাই বুথ স্তরে সংগঠনের রাশ মজবুত করা এবং কেন্দ্রীয় প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া।
বৈঠক শেষে বিজেপি নেতৃত্ব আত্মবিশ্বাসের সুরে জানান, রাঢ় বঙ্গের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবেন এবং ২৩শে এপ্রিল ব্যালট বক্সেই তার প্রমাণ মিলবে।