নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে সংশোধিত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। আগামী সোমবার, ২৩ মার্চ রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে এই তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া চলাকালীন ভিড় এবং সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব জেলার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে।
প্রশাসন ও কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এই সংশোধিত তালিকা জনসমক্ষে আসবে। মূলত সেই সমস্ত আবেদনকারীদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে, যাঁদের আবেদন এতদিন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন হিসেবে চিহ্নিত ছিল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় রাজ্যে প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর নাম এই বিশেষ তালিকায় ঝুলে ছিল। জানা গিয়েছে, এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ২৭ লক্ষেরও বেশি মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। সেই সব নামই এবার নতুন তালিকায় যুক্ত হওয়ার কথা।
নির্বাচনের মুখে এই বিপুল সংখ্যক ভোটারের নাম সংযোজন ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। বুথ স্তরে তালিকা দেখার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকেই কড়া নজর রাখতে চাইছে নবান্ন। প্রতিটি বুথে পর্যাপ্ত পুলিশি পাহারার পাশাপাশি ব্লক ও মহকুমা স্তরেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকেই প্রতিটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমগুলিকেও সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনও অশান্তির খবর পেলেই দ্রুত পদক্ষেপ করা যায়।