নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নবান্ন দখলের লড়াইয়ে কোমর বেঁধে ময়দানে নামল গেরুয়া শিবির। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রার্থী তালিকায় একের পর এক চমক দিচ্ছে বিজেপি। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হল দলের তৃতীয় দফার তালিকা। ১৯ জনের এই তালিকায় ঠাঁই পেয়েছেন একাধিক চেনা মুখ। এই নিয়ে রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৭৪টিতেই লড়াইয়ের ঘুঁটি সাজিয়ে ফেলল পদ্ম শিবির।
প্রথম দফায় ১৪৪ এবং দ্বিতীয় দফায় ১১১ জনের পর, এ দিনের ১৯ জনের তালিকায় উত্তর থেকে দক্ষিণ— সুসামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব। কোচবিহার দক্ষিণ থেকে রথীন্দ্রনাথ বসু, ইংরেজ বাজারে অম্লান ভাদুড়ি কিংবা শান্তিপুরে স্বপন দাসের মতো নেতাদের ওপর ফের ভরসা রেখেছে দল। শিল্পাঞ্চল ও শহরতলি এলাকাতেও প্রার্থী চয়নে মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। হাওড়া মধ্য থেকে প্রার্থী করা হয়েছে বিপ্লব মণ্ডলকে, আর উত্তরপাড়ার লড়াইয়ে নামছেন দীপাঞ্জন চক্রবর্তী।
প্রার্থী তালিকা প্রকাশের পর এ দিন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্যের গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তাঁর দাবি, “বিজেপি ৩৬৫ দিনই সক্রিয় থাকে। সংগঠনকে শক্তপোক্ত করেই আমরা ময়দানে নেমেছি। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে আমরা পুরোপুরি প্রস্তুত।” তবে শুধু নিজের দল নয়, এদিন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের মধ্যে ‘রাজনৈতিক সমঝোতা’ নিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। শমিকের কথায়, “তৃণমূলের বিভাজনের রাজনীতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের অবস্থা আগামী দিনে আরও সঙ্কটজনক হতে পারে।”
প্রসঙ্গত, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ। যার ফলাফল জানা যাবে ৪ মে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রার্থী তালিকা আর রাজনৈতিক বাগযুদ্ধে ততই তপ্ত হচ্ছে বাংলার মাটি।
এক নজরে দেখে নিন প্রার্থী তালিকা
১. কোচবিহার দক্ষিণ: রথীন্দ্র নাথ বোস
২. রাজগঞ্জ (SC): দিনেশ সরকার (হরাধন)
৩. ইসলামপুর: চিত্রজিৎ রায়
৪. হেমতাবাদ (SC): হরিপদ বর্মন
৫. ইংলিশ বাজার: অম্লান ভাদুরী
৬. শান্তিপুর: স্বপন দাস
৭. পানিহাটি: রত্না দেবনাথ
৮. হাওড়া মধ্য: বিপ্লব মন্ডল
৯. উত্তরপাড়া: দীপঞ্জন চক্রবর্তী
১০. সিঙ্গুর: ডঃ অরূপ কুমার দাস
১১. চন্দননগর: দীপঞ্জন কুমার গুহ
১২. চুঁচুড়া: সুবীর নাগ
১৩. হরিপাল: মধুমিতা ঘোষ
১৪. তমলুক: ডঃ হরে কৃষ্ণ বেরা
১৫. মেদিনীপুর: ডঃ শঙ্কর গুচ্ছাইত
১৬. পূর্বস্থলী দক্ষিণ: প্রাণকৃষ্ণ তপদার
১৭. কাটোয়া: কৃষ্ণা ঘোষ
১৮. সাঁইথিয়া (SC): কৃষ্ণ কান্ত সাহা
১৯. নলহাটি: অনিল সিংহ