নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পূর্ব বর্ধমানের ফাগুপুরে তামিল অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-এর নামে অফিস খোলা নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। পশ্চিমবঙ্গে দলের ‘প্রথম’ কার্যালয় খোলার দাবি উঠলেও তা সরাসরি নস্যাৎ করে দিল তামিলনাড়ুর টিভিকে নেতৃত্ব। তাদের স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গে দলীয় অনুমোদনে কোনও শাখা বা কার্যালয় খোলা হয়নি।
সম্প্রতি ফাগুপুরে টিভিকে-র কার্যালয়ের ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ হয়। সেখানে উপস্থিত ছিলেন চৈতালি রায়, যিনি নিজেকে পশ্চিমবঙ্গে দলের আহ্বায়ক বলে পরিচয় দিয়েছিলেন। স্থানীয় স্তরে দাবি করা হয়েছিল, তামিলনাড়ু নেতৃত্বের নির্দেশেই পশ্চিমবঙ্গে সংগঠনের কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে রাজনৈতিক কর্মসূচির বদলে শিক্ষা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর কথাও জানানো হয়েছিল।
কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় টিভিকে-র কেন্দ্রীয় নেতৃত্ব। দলের মুখপাত্র সানকাভি দ্যানাহ জানিয়েছেন, তামিলনাড়ুর বাইরে এই মুহূর্তে কোনও রাজ্যে আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো তৈরির সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে কোনও অফিস হয়ে থাকলে তা স্থানীয় সমর্থকদের নিজস্ব উদ্যোগ বলেই ধরে নিতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এমন কোনও অনুমোদন দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।
টিভিকে-র বক্তব্য, থালাপতি বিজয়ের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় সমর্থকেরা নিজেদের উদ্যোগে এমন পদক্ষেপ করে থাকতে পারেন। পশ্চিমবঙ্গে বিজয়ের বিপুল সংখ্যক অনুরাগী রয়েছেন—এই বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছে দল। তবে আপাতত তামিলনাড়ুর বাইরে সংগঠন বিস্তারের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দলের মুখপাত্র। তামিলনাড়ুতে সরকারের কাজ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেই দলের মূল নজর বলে তাঁর বক্তব্য।
ফলে বর্ধমানে টিভিকে-র নামে অফিস খোলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্বৈত দাবি। এক দিকে পশ্চিমবঙ্গের স্থানীয় উদ্যোগপতিদের তরফে সংগঠনের কাজ শুরুর ঘোষণা, অন্য দিকে খোদ দলের কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট অস্বীকৃতি। এর জেরে প্রশ্ন উঠেছে, ফাগুপুরের ওই কার্যালয় আদৌ টিভিকে-র সাংগঠনিক বিস্তারের সূচনা, নাকি শুধুই বিজয়-অনুরাগীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ।
এখনও পর্যন্ত টিভিকে-র সরকারি ওয়েবসাইটে সংগঠনের জেলা-ভিত্তিক কাঠামো তামিলনাড়ুকেন্দ্রিকই দেখানো হয়েছে।
