নিজস্ব সংবাদদাতা, গলসি:প্রকৃতির ভ্রুকুটি ছিলই, কিন্তু তাতে কী? বৃষ্টির ফোঁটাকে তোয়াক্কা না করেই সাতসকালে গণতন্ত্রের উৎসবে মেতে উঠল ২৭৪ নম্বর গলসি বিধানসভা কেন্দ্র। বুধবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি ভিজেছে এলাকা, তবে তার আঁচ পড়েনি ভোটারদের উৎসাহে। ছাতা মাথায় লম্বা লাইন আর ‘মডেল বুথ’-এর ঝকঝকে আয়োজনে গলসিতে ভোটের মেজাজ এদিন ছিল কার্যত উৎসবের আমেজে।
এবারের নির্বাচনে গলসির ভোটারদের অভিজ্ঞতায় বাড়তি পাওনা ছিল প্রশাসনের বিশেষ নজরদারি। বিশেষত, গলসি কেন্দ্রের অন্তর্গত বুদবুদ মহাকালী বিদ্যালয় এবং বুদবুদ হিন্দি স্কুলকে এদিন সাজিয়ে তোলা হয়েছিল ‘মডেল বুথ’ হিসেবে। রঙিন সজ্জা আর সুশৃঙ্খল পরিকাঠামোয় ভোটারদের অভ্যর্থনা জানানো হয়। বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকে এই বুথগুলিতে পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ আরও ভার হলেও, ভোটারদের ভিড় কমেনি। পাড়ার গলি থেকে বড় রাস্তা—ছাতা হাতে বুথে যাওয়ার দৃশ্য ছিল সর্বত্র। অনেকের মতে, গরমের অস্বস্তির চেয়ে মেঘলা আবহাওয়া ভোট দেওয়ার কাজটা কিছুটা সহজ করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বুথের ভেতরে জল থেকে ভোটারদের সুরক্ষা দিতে সবরকম ব্যবস্থা রাখা হয়েছিল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোটদান প্রক্রিয়া এখন পর্যন্ত সচল ও শান্তিপূর্ণ।
এদিন বুদবুদ হিন্দি স্কুলের মডেল বুথটি পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মাঝি। বুথের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি কথা বলেন ভোটার ও ভোটকর্মীদের সঙ্গে। কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সকাল পর্যন্ত বড় কোনো অশান্তির খবর মেলেনি। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির দাপট বাড়লে ভোটগ্রহণের গতিতে কিছুটা টান পড়তে পারে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।