কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ দিনে উচ্ছ্বাস পরীক্ষার্থীদের
নিজস্ব প্রতিনিধি: ১২ই ফেব্রুয়ারি শুরু হওয়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ শান্তিপূর্ণভাবে শেষ হলো। শেষ দিনের বিষয় ছিল পরিবেশ বিজ্ঞান। সকাল থেকেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। প্রশ্নপত্র বিতরণ থেকে পরীক্ষার্থীদের প্রবেশ ও প্রস্থান, সর্বত্রই ছিল শৃঙ্খলা বজায় রাখার কড়াকড়ি। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হতেই কেন্দ্রগুলির বাইরে স্বস্তির আবহ তৈরি হয়। টানা কয়েক সপ্তাহের মানসিক চাপ, প্রস্তুতির ব্যস্ততা ও অনিশ্চয়তার পর পরীক্ষা শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তি ও আনন্দে ভাসে পড়ুয়ারা।
দুর্গাপুরের দুর্গাপুরে মর্ডান স্কুল-এর সামনে দেখা যায় উৎসবের আবহ। পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে ছাত্রছাত্রীরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানায়। কেউ বন্ধুদের জড়িয়ে ধরে অভিনন্দন জানায়, কেউ আবার মোবাইলে ছবি তুলে মুহূর্তকে স্মরণীয় করে রাখে। অভিভাবকদের মধ্যেও ছিল স্বস্তির ছাপ।
পরীক্ষার্থীদের একাংশ জানায়, “দীর্ঘদিনের চাপ কাটিয়ে আজ যেন হালকা লাগছে। এখন ফলাফলের অপেক্ষা।” ইতিমধ্যেই অনেকের মধ্যে শুরু হয়েছে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। কে কোন বিষয়ে পড়বে, কোন কলেজে ভর্তি হবে— তা নিয়েও চলছে জোর আলোচনা।
শেষ দিনের এই আনন্দঘন পরিবেশে পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে তৈরি হয় এক উৎসবমুখর দৃশ্য। দীর্ঘ প্রস্তুতির পর্ব পেরিয়ে স্বস্তি ও নতুন স্বপ্নকে সঙ্গী করেই বাড়ি ফেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
