নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: ছিনতাইয়ের একটি ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে নজির গড়ল কোক ওভেন থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঋতু ঘোষ নামে বন্ধন ব্যাঙ্কের এক মহিলা কর্মী কাজ সেরে স্কুটি করে সিটি সেন্টারে নিজের শাখায় ফিরছিলেন। পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে পৌঁছতেই তিন যুবক তার পথ আটকানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। ঘটনার খবর পৌঁছতেই কোক ওভেন থানার ওসি বিজয় দলপতি দ্রুত একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রিজু বাউরি (২৮), সমীর বাউরি (২৭) এবং বাপ্পা বাউরি (৩০)। তারা সকলেই পিয়ালা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের চেষ্টাও চালাচ্ছে। এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন আক্রান্ত ব্যাঙ্ককর্মী। তিনি বলেন, কর্মসূত্রে বহু মহিলাকেই প্রতিদিন রাস্তায় বের হতে হয়। তাই নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের এই তৎপরতায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ধৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। তদন্ত চলছে। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুরে নয়া দিগন্ত: একই ছাদের তলায় ইউপিএসসি কোচিং ও বৃদ্ধাশ্রম শিল্পনগরীতে স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন: চতুরঙ্গ ময়দানে শুরু হলো বিশেষ উৎসব