চাকরির দাবীতে ডিপিএল গেটের সামনে মৃত শ্রমিকদের পোষ্যদের আমরণ অনশন
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:চাকরির দাবিতে দীর্ঘ তেরো বছর ধরে দরবার করেও কোনো সদুত্তর মেলেনি। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রকল্প লিমিটেড (ডিপিএল)-এর কারখানার গেটের সামনে প্রদীপ জ্বালিয়ে আমরণ অনশনে বসেছেন মৃত শ্রমিকদের পোষ্যরা।
আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু—এই দু’টির একটিও না হওয়া পর্যন্ত অনশন মঞ্চ ছাড়বেন না তাঁরা। অনশন চলাকালীন যজ্ঞের প্রদীপও অবিরাম জ্বলতে থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
অভিযোগ, কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও গত তেরো বছরে তা বাস্তবায়িত হয়নি। বারবার প্রশাসন ও কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও শুধু আশ্বাসই মিলেছে বলে দাবি তাঁদের। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় আমরণ অনশন ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলেও জানান তাঁরা।
এ বিষয়ে ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, “এই বিষয়টি ডিপিএলের আওতাধীন নয়। আমাদের পক্ষে কিছু করার নেই।”
ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই কটাক্ষ করে বলেন, “এর নামই তো এগিয়ে বাংলা।” অন্যদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আন্দোলনকারীদের শেষ কথা, এই অনশন মঞ্চ থেকে তাঁরা হয় নিয়োগপত্র নিয়ে উঠবেন, নতুবা মৃত্যুকেই বেছে নেবেন।
