নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। ২৭ বছর বয়সী দেবাঞ্জন বাগদি নামের ওই যুবক মোটরবাইক নিয়ে যাওয়ার সময় একটি খুঁটিতে ধাক্কা মারেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হলে দেখা যায়, কপাল ও খুলির হাড় ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এবং আঘাতের অভিঘাতে বাঁ চোখের বলটি বাইরে বেরিয়ে এসেছে। প্রচুর রক্তক্ষরণের জেরে রোগী তখন প্রায় অচেতন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে রোগীকে দ্রুত স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে জরুরি ভিত্তিতে সেলাই ও রক্ত দেওয়ার পাশাপাশি তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। এরপর নিউরোসার্জন ডা. নবনীত কুমারের তত্ত্বাবধানে অ্যানাস্থেসিওলজি, চক্ষু, ইএনটি, প্লাস্টিক সার্জারি এবং সিটিভিএস বিশেষজ্ঞদের নিয়ে একটি বহুবিভাগীয় মেডিক্যাল টিম গঠন করা হয়।
সিটি স্ক্যানে মস্তিষ্কে রক্তক্ষরণ, খুলির ভিতরে বাতাস জমা হওয়া এবং মুখের একাধিক হাড় ভাঙার মারাত্মক ছবি ধরা পড়ে। গত ১৮ মে চিকিৎসকদের দল জরুরি ভিত্তিতে জীবনরক্ষাকারী অস্ত্রোপচার সম্পন্ন করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক ও নার্সদের নিবিড় পর্যবেক্ষণে দেবাঞ্জন এখন অনেকটাই সুস্থ এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। ডা. নবনীত কুমার জানান, এটি একটি অত্যন্ত জটিল পলিট্রমা কেস ছিল। সময়মতো সমন্বিত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের ফলেই যুবকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। হাসপাতালের এই সাফল্যে চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোগীর পরিবার।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *