দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের সামাজিক অধিকার শিবির, প্রবীণদের সহায়ক যন্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুরুলিয়া ডাঙ্গাল মিলন পল্লীতে আজ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল। এর আগে ৫৪ ফুট এলাকার ক্ষুদিরাম মাঠ প্রাঙ্গণে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে সহায়ক যন্ত্র ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন লক্ষ্মণ ঘড়ুই। তিনি জানান, তাঁর বিধানসভা এলাকায় মোট ৭০০০ জন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে। বিধায়ক কোটার মাধ্যমে সাতটি প্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে, যা ষাটোর্ধ প্রবীণ নাগরিকদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

বিধায়ক বলেন, দুর্গাপুরের মোট ২৭টি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই সামগ্রী তুলে দেওয়া হবে, যাতে প্রয়োজনীয় সহায়তা প্রত্যেক উপভোক্তার কাছে পৌঁছে যায়।

অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, বিজেপি বিধায়ক শুধুমাত্র রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে এই কর্মসূচি করছেন। তিনি দাবি করেন, সারা বছর এলাকায় তাঁকে দেখা যায় না এবং ভোটের আগে অর্থব্যয় করে মানুষের মন জয় করার চেষ্টা চলছে। মানুষের পাশে নিয়মিতভাবে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে শিবিরে উপস্থিত প্রবীণদের একাংশের বক্তব্য, তাঁরা প্রয়োজনীয় সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *