প্রথম পর্যায়ের ভোটার তালিকা প্রকাশের আগে দুর্গাপুরে সর্বদলীয় বৈঠক
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: প্রথম পর্যায়ের ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে শনিবার। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো দুর্গাপুরেও অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। মহকুমা শাসক দপ্তরে মহকুমা শাসকের উপস্থিতিতে এই বৈঠক হয়।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিলেন জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। সিপিএমের পক্ষে ছিলেন জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু সহ অন্যরা।
বৈঠক শেষে প্রতিক্রিয়ায় উত্তম মুখোপাধ্যায় বলেন, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেও তিনি উল্লেখ করেন। তবে এই পরিস্থিতিতে তাদের দলের কোনও চাপের বিষয় নেই বলেই দাবি করেন তিনি। তার কথায়, মানুষের আবেগ এখনও ‘মা মাটি মানুষ’-এর সঙ্গেই রয়েছে।
অন্যদিকে অভিজিৎ দত্ত অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকায় অস্বাভাবিক তথ্য দেখা যাচ্ছে। তিনি বলেন, কোথাও একজন বাবার চল্লিশজন ছেলে দেখানো হয়েছে, আবার কোথাও বয়সের পার্থক্য মাত্র তিন থেকে চার মাস। এই পরিস্থিতিতে আদালতকেও হস্তক্ষেপ করতে হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রথম পর্যায়ের ভোটার তালিকা প্রকাশের আগে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা বাড়ছে। প্রকাশের পর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়াই এখন নজরে সকলের।
