ফর্ম সেভেন জমা ঘিরে উত্তেজনা, মহকুমা শাসক দপ্তর ঘেরাও বিজেপির
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। সোমবার দিনভর অশান্ত হয়ে ওঠে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর চত্বর। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা তাদের দলীয় কর্মীদের ফর্ম সেভেন জমা দিতে বাধা দেয়। পরিস্থিতি ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ।
বিজেপির দাবি, ফর্ম জমা দিতে আসা তাদের কর্মীদের উপর মারধর করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকরা। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিজেপি। দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, অবিলম্বে ফর্ম সেভেন জমা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
পরিস্থিতি সামাল দিতে মহকুমা শাসক দপ্তর চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
