নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ দুর্গাপুরের ইন্দ্র আমেরিকান মোড় সংলগ্ন জাতীয় সড়কে কয়লা বোঝাই একটি চলন্ত ডাম্পারে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ডাম্পার থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে শুরু করে, ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন ও নিউটাউন থানার পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জানা গেছে, ডাম্পারটি দুর্গাপুর থেকে কয়লা বোঝাই করে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। আগুন লাগার পর চালক দ্রুত গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে নেমে যান। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আগুনের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল ফের শুরু হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।