নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:আর মাত্র কয়েক প্রহর। তার পরেই বেজে যাবে গণতন্ত্রের মহোৎসবের ঘণ্টা। তবে ভোটগ্রহণের আগে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার রাত থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চল-সহ সংশ্লিষ্ট এলাকাগুলিতে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২৩ তারিখ ভোট শেষ না হওয়া পর্যন্ত এই নিয়মাবলীতে কোনওরকম শিথিলতা দেখানো হবে না।
কমিশনের এবারের কড়া নজর মূলত দু’চাকার যানের ওপর। নির্দেশিকা অনুযায়ী, জরুরি চিকিৎসা পরিষেবা ছাড়া সাধারণ মানুষের বাইক নিয়ে রাস্তায় বেরনোর ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। মূলত ভোটারদের ভয় দেখানো বা বুথ দখল রুখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কড়া বার্তা দেওয়া হয়েছে বহিরাগতদের প্রতিও। সংশ্লিষ্ট এলাকার ভোটার নন, এমন ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট মিটলে তবেই তাঁরা পুনরায় এলাকায় ফিরতে পারবেন।
বিধানসভা নির্বাচনের এই হাইভোল্টেজ আবহাওয়ায় যাতে কোথাও কোনও উত্তাপ না ছড়ায়, তার জন্য মঙ্গলবার রাত থেকেই পথে নেমেছে পুলিশ। দুর্গাপুর সিটি সেন্টারের স্মার্ট বাজার সংলগ্ন এলাকায় সিটি সেন্টার ফাঁড়ির তরফে শুরু হয়েছে মাইকিং। সাধারণ মানুষকে বিধিনিষেধ সম্পর্কে অবগত করতে পুলিশের এই তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের এক আধিকারিকের কথায়, “শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনওরকম বেআইনি কার্যকলাপ বা অশান্তি বরদাস্ত করা হবে না।”
শিল্পাঞ্চলের স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নজরদারির পাশাপাশি নাকা চেকিংও বাড়ানো হয়েছে। বুধবার সকাল থেকেই দুর্গাপুরের অলিগলি এবং প্রধান রাস্তাগুলিতে পুলিশের টহলদারি আরও জোরদার করা হয়েছে। কমিশনের এই কড়া অবস্থানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, নির্বিঘ্নে ভোটদানের আশায় বুক বাঁধছে শহরবাসী। এখন দেখার, এই বজ্র আঁটুনি ভোটের ময়দানে কতটা সফল হয়।