বার কাউন্সিল নির্বাচনের প্রচারে দুর্গাপুরে মলয় ঘটক, আইনজীবীদের সমস্যা সমাধানের আশ্বাস
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আসন্ন রাজ্য বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার শিল্পনগরী দুর্গাপুরে এসে প্রচার সারলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুর মহকুমা আদালত প্রাঙ্গণে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আগামী ৯ ও ১০ মার্চ দুই দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
তৃণমূলপন্থী প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই প্রচারসভায় মন্ত্রী মলয় ঘটক আইনজীবীদের একজোট হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে আমরা আইনজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি। বার কাউন্সিল নির্বাচন কেবল একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, এটি আইনজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষার লড়াই। সংগঠন যত শক্তিশালী হবে, আইনি পরিষেবা তত উন্নত হবে।”
এদিন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে এই কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী আদালতের পরিকাঠামো নিয়ে আইনজীবীদের অভাব-অভিযোগ শোনেন। বিশেষ করে দুর্গাপুর মহকুমার নতুন আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গার সমস্যা নিয়ে আলোচনা হয়।এই বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, এই বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। একই সাথে আদালত চত্বরের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন ও আইনজীবীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।রাজ্য সরকার যে সবসময় আইনজীবীদের পাশে রয়েছে এবং তাঁদের কাজের পরিবেশ উন্নত করতে বদ্ধপরিকর, সে কথাও পুনরায় স্মরণ করিয়ে দেন আইনমন্ত্রী।
নির্বাচনের মুখে মন্ত্রীর এই সফর এবং সরাসরি আইনজীবীদের সঙ্গে বৈঠক ঘিরে আদালত চত্বরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় আইনজীবী মহলের মতে, মন্ত্রীর এই আশ্বাস ও প্রচারের ফলে নির্বাচনী সমীকরণ আরও জোরালো হলো। এদিনের অনুষ্ঠানে বার অ্যাসোসিয়েশনের পদাধিকারীসহ অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন।
