ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গ, আতঙ্কে রাস্তায় মানুষ

নিজস্ব সংবাদদাতা: আজ দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ভারত। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ড ধরে জোরালো ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। কম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার এবং এর উৎসস্থল ছিল দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের সাতক্ষীরা। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা।এর আগে ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) ভূমিকম্পের মাত্রা ৫.৩ বলে জানায়। সংস্থাটি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের টাকি থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সংস্থার দেওয়া মাত্রায় সামান্য তারতম্য থাকাই স্বাভাবিক, পরে তথ্য বিশ্লেষণের মাধ্যমে তা সংশোধন করা হয়।
কম্পনের তীব্রতায় কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউ এলাকার একটি বাড়ি হেলে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির সরকারি নিশ্চিত তথ্য মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দূরবর্তী ভূমিকম্প হলেও ভূকম্পনের তরঙ্গ দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই অঞ্চলে অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন ভূকম্পবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *