লেখক সৌরভ দত্ত ও তাঁর পুস্তিকা: শ্রমকোড নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রাসঙ্গিক উদ্যোগ
বিশেষ প্রতিনিধি,দুর্গাপুর: ইস্পাত শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ সৌরভ দত্তের লেখা সাম্প্রতিক পুস্তিকাটি শ্রমিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ১৯৬৮ সালের ২৩ ডিসেম্বর দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে জন্ম সৌরভ দত্তের। একজন ইস্পাত শ্রমিকের সন্তান হিসেবে শ্রমজগতের বাস্তবতা খুব কাছ থেকেই দেখেছেন তিনি। বর্তমানে তিনি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ইস্পাত শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন।
ছাত্র রাজনীতির মাধ্যমে সামাজিক সচেতনতার পথে যাত্রা শুরু। কর্মজীবনের প্রথম পর্যায়ে রাজ্য সরকার পরিচালিত পরিবহন সংস্থায় প্রশিক্ষণার্থী প্রযুক্তিবিদ হিসেবে কাজ করতে গিয়েই শ্রমিক ও ব্যবস্থার ধারকদের মধ্যকার বৈষম্য তাঁর চোখে পড়ে। সেখান থেকেই সংগঠিত প্রতিবাদের সূচনা এবং ট্রেডভিত্তিক নতুন শ্রমিক সংগঠন গঠনের উদ্যোগ। পরবর্তীতে দুর্গাপুর ইস্পাত কারখানায় যোগ দিয়ে তিনি সংগঠিত শ্রমিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন এবং ধাপে ধাপে গুরুত্বপূর্ণ শ্রমিক নেতৃত্ব হিসেবে উঠে আসেন।
শ্রমিক আন্দোলনে বহুমাত্রিক কৌশলে বিশ্বাসী সৌরভ দত্ত শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রশ্নে আইনি লড়াইকেও বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন। শ্রম আইন নিয়ে তাঁর গভীর আগ্রহ থেকেই নতুন শ্রমকোড সংক্রান্ত সরকারি নোটিফিকেশন ও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মতামত নিয়ে দীর্ঘদিন চর্চা করেন তিনি। সেই অভিজ্ঞতা ও বিশ্লেষণ থেকেই বর্তমান পুস্তিকাটি রচিত হয়েছে।
এই পুস্তিকায় পূর্ববর্তী শ্রম আইনের প্রেক্ষিতে নতুন শ্রমকোড শ্রমিকদের পক্ষে কতটা কার্যকর বা কতটা সংশয়পূর্ণ, তা যুক্তি ও ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণাত্মকভাবে তুলে ধরা হয়েছে। লেখক সচেতনভাবেই একপেশে দৃষ্টিভঙ্গি এড়িয়ে বিষয়টিকে নিজে বোঝার পাশাপাশি পাঠককে বোঝানোর চেষ্টা করেছেন।
বর্তমান সময়ে দাঁড়িয়ে শ্রমকোডের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রেড ইউনিয়নের সাধারণ নেতা-কর্মীদের প্রাথমিক ও কার্যকর ধারণা গঠনে এই পুস্তিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
