শিল্পনগরীতে স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন: চতুরঙ্গ ময়দানে শুরু হলো বিশেষ উৎসব

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুরে ধুমধাম করে শুরু হলো ‘দক্ষিণবঙ্গ স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি ফেস্টিভাল’। শুক্রবার চতুরঙ্গ ময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১লা মার্চ পর্যন্ত।
বিশিষ্টদের উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-এর চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও প্রশাসনিক আধিকারিক, শহরের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক জগতের নক্ষত্ররা এই অনুষ্ঠানে অংশ নেন।
উৎসবের মূল লক্ষ্যআয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল বিনোদন নয়, বরং জনকল্যাণই এই ফেস্টিভালের মূল উদ্দেশ্য। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক আলোচনা ও কর্মসূচী এছাড়াও সংস্কৃতির আদানপ্রদানের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে সংযোগ মজবুত করা।

উৎসব প্রাঙ্গণে প্রতিদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ শিবিরের আয়োজন করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ এই সুযোগ গ্রহণ করতে ভিড় জমাচ্ছেন। পাশাপাশি চলছে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক বক্তৃতা। শিক্ষা ও সমাজ সংস্কার বিষয়ক আলোচনা সভা। ছাত্রছাত্রীদের নিয়ে সৃজনশীল প্রতিযোগিতা।
এছাড়াও প্রতি সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সংগীত, নৃত্য ও আবৃত্তির বর্ণাঢ্য অনুষ্ঠান।
চতুরঙ্গ ময়দান বর্তমানে উৎসবমুখর। স্থানীয় বাসিন্দাদের মতে, একই ছাদের তলায় স্বাস্থ্য পরিষেবা এবং সুস্থ সংস্কৃতির এই আয়োজন শিল্পাঞ্চবাসীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। আয়োজকদের আশা, এই উৎসব সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *