স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের আগাম সতর্কতা, জানুন কীভাবে চালু করবেন
সঙ্কেত ডেস্ক:সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বেড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ ঠেকানোর উপায় না থাকলেও আগাম সতর্কতা প্রাণ ও সম্পদের ক্ষতি অনেকটাই কমাতে পারে। এখন সেই সতর্কবার্তা মিলতে পারে আপনার হাতের স্মার্টফোনেই।
ভূমিকম্পের আগে মাটির সূক্ষ্ম কম্পন শনাক্ত করতে স্মার্টফোনের বিশেষ সেন্সর কাজ করে। অধিকাংশ আধুনিক ফোনে থাকা অ্যাক্সিলোমিটার খুব সামান্য নড়াচড়াও ধরতে সক্ষম। এই প্রযুক্তিকেই কাজে লাগিয়ে আগাম সতর্কবার্তা পাঠানো হয় ব্যবহারকারীদের কাছে।
কীভাবে চালু করবেন সতর্কতা ব্যবস্থা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য:
ফোনের Settings খুলে Safety & Emergency অপশনে যান। সেখানে Earthquake Alerts চালু করুন।
আইফোন ব্যবহারকারীদের জন্য:
Settings এ গিয়ে Notifications-এ ক্লিক করুন। নিচে স্ক্রোল করে Emergency Alerts সক্রিয় করুন।
২০২০ সালে সূচনা, ভারতে চালু ২০২৩-এ
২০২০ সালে Google অ্যান্ড্রয়েডের জন্য ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালু করে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ভারতে এই পরিষেবা চালু হয়েছে। এই ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ফোনগুলিকে ছোট ভূমিকম্প শনাক্তকারী যন্ত্রে পরিণত করা হয়। ফোনের অ্যাক্সিলোমিটার মাটির কম্পন শনাক্ত করে তথ্য কেন্দ্রীয় সার্ভারে পাঠায়, সেখান থেকে বিশ্লেষণ করে সতর্কবার্তা পাঠানো হয়।
কীভাবে কাজ করে এই সিস্টেম
প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা অ্যাক্সিলোমিটার সিসমোমিটারের মতো কাজ করে। একাধিক ফোন একসঙ্গে একই ধরনের কম্পন শনাক্ত করলে সেটিকে সম্ভাব্য ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। এরপর দ্রুতগতির ইন্টারনেট সিগনালের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো হয়। যেহেতু ইন্টারনেট সিগনাল ভূমিকম্পের তরঙ্গের চেয়ে দ্রুত পৌঁছায়, তাই কয়েক সেকেন্ড আগেই সতর্কতা পাওয়া সম্ভব। এই অল্প সময়ই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে মনে রাখতে হবে, সাধারণত ৪.৫ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রেই এই অ্যালার্ট কার্যকর হয়। কম মাত্রার কম্পনের ক্ষেত্রে সতর্কবার্তা নাও মিলতে পারে।
প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কিছুটা হলেও কমানো যায়। তাই এখনই স্মার্টফোনে ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা সক্রিয় করে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
