পরকীয়া সন্দেহে ভয়ঙ্কর পরিণতি, বাসন্তীতে স্ত্রীর গলা কেটে খুন
সঙ্কেত ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্ত্রীর উপর নৃশংস হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরকীয়ার সন্দেহে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম বীথিকা শাসমল (৩৬)। এই ঘটনায় অভিযুক্ত স্বামী বাপন শাসমলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সন্দেশখালির বাসিন্দা বাপন শাসমলের সঙ্গে গোসাবার বাসিন্দা বীথিকা শাসমলের বিয়ে হয়। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। কয়েক বছর আগে বীথিকা একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কাজ শুরু করেন। কাজের সূত্রে সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হত তাঁকে। অভিযোগ, এই বিষয়টি ধীরে ধীরে অপছন্দ করতে শুরু করেন বাপন। সহকর্মীদের সঙ্গে কথা বলা বা হাসি-ঠাট্টা করাকে কেন্দ্র করে প্রায়ই স্ত্রীর উপর সন্দেহ প্রকাশ করতেন তিনি।
পরিবারের দাবি, স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন বাপন। এই সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। এমনকি বীথিকাকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। পরিস্থিতি খারাপ হওয়ায় কিছুদিন আগে মেয়েকে নিয়ে দিদির বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন বীথিকা।
অভিযোগ, মঙ্গলবার রাতে সেই বাড়িতেই পৌঁছন বাপন। পরিবারের সদস্যদের দাবি, সেদিন রাতে স্ত্রীকে নিয়ে একই ঘরে ছিলেন তিনি। গভীর রাতে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে বীথিকাকে খুন করা হয়। ঘটনার পর বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বীথিকাকে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং বাসন্তী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতভর তল্লাশির পর বুধবার সকালে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাপন শাসমলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন আদালতে তোলা হয়।
