নিজস্ব সংবাদদাতা:বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। আর সেই আবহে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন ছাব্বিশের মহারণে (Election 2026) বিজেপির প্রধান হাতিয়ার যে সেই ‘ডবল ইঞ্জিন’ সরকার, তা আরও এক বার স্পষ্ট করে দিলেন তিনি।
এ দিন হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকার এক জনসভা থেকে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় বিদ্ধ করেন মোদী। বক্তৃতার শুরুতেই পাঁচ বছর আগের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন তিনি। পুরনো ক্ষত উসকে দিয়ে প্রধানমন্ত্রীর হুঙ্কার, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম যে ভাবে পরিবর্তনের পথ দেখিয়েছিল, এ বার তার পুনরাবৃত্তি হতে চলেছে ভবানীপুরে।” রাজনৈতিক মহলের মতে, সরাসরি খাসতালুককে নিশানা করে মোদী বুঝিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে পদ্ম-শিবির কতটা আগ্রাসী মেজাজে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে।
রাজ্যের সার্বিক উন্নয়নের প্রশ্নে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকার প্রয়োজনীয়তার কথাও এ দিন জোর দিয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এক সঙ্গে মিলে কাজ করলেই বাংলার প্রকৃত লাভ হবে। তাই এই রাজ্যে এ বার ডবল ইঞ্জিন সরকার চাই।”
মোদীর দাবি, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের গতি দ্বিগুণ হবে বলেও আশ্বাস দেন তিনি। বিধানসভা ভোটের প্রাক্কালে হলদিয়ার মাটি থেকে প্রধানমন্ত্রীর এই ‘ডবল ইঞ্জিন’ দাওয়াই এবং ভবানীপুর নিয়ে তাঁর মন্তব্যকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।