নীরব ঘাতক কিডনি রোগ, সচেতনতা বাড়াতে কলকাতায় চিকিৎসকদের বৈজ্ঞানিক সভা
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে কলকাতায় আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সিম্পোজিয়াম। দেশের অন্যতম কিডনি চিকিৎসা প্রতিষ্ঠান নেফ্রোকেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় কিডনি কেয়ার সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার কলকাতার দ্যা স্ট্যাডেল -এ অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য কিডনি স্বাস্থ্য—মানুষের যত্ন নেওয়া, গ্রহকে রক্ষা করা”। সেই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য ছিল কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের সচেতন করা।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উদ্বোধনী ভাষণ দেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ড:প্রতীম সেনগুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দিলীপ বৈদ্য। আলোচনায় অংশ নেন ড:তথাগত মুখার্জি ড: সৌরভ সাধু খান,ড:প্রভা বানসালি এবং শুভব্রত ভট্টাচার্য সহ একাধিক বিশেষজ্ঞ।
সিম্পোজিয়ামে ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণ, ডায়ালিসিস বিলম্বিত করার উপায়, দীর্ঘস্থায়ী কিডনি রোগের (CKD) আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জীবনযাত্রার সঠিক নিয়ম মেনে কিডনির কার্যকারিতা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ডা. প্রতিম সেনগুপ্ত বলেন, কিডনি রোগকে প্রায়ই ‘নীরব ঘাতক’ বলা হয়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত কিডনি ফাংশন টেস্ট—যেমন সিরাম ক্রিয়েটিনিন, রক্তের ইউরিয়া নাইট্রোজেন এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট (GFR)—করালে অনেক ক্ষেত্রে রোগ দ্রুত ধরা পড়ে এবং সময়মতো চিকিৎসা সম্ভব হয়।
২০২১ সালে প্রতিষ্ঠিত নেফ্রোকেয়ার ইন্ডিয়া বর্তমানে সাশ্রয়ী ও সমন্বিত চিকিৎসা পরিষেবার মাধ্যমে কিডনি রোগীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
