দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের পিছনে চারচাকার ধাক্কা — চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দুর্গপুর:দুর্গাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চারচাকা গাড়ির চালকের। শুক্রবার ডিভিসি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চারচাকা গাড়ি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময় গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ডিভিসি মোড়ের কাছে এসে হঠাৎই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
ধাক্কার তীব্রতায় চারচাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন চালক। স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ গাড়িটি উদ্ধার করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত চালকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
