নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর:১৪ বছর বয়সী এক নাবালিকাকে হুমকি দিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অণ্ডাল থানা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। সোমবার এই ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে অণ্ডাল থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরজ বাউরি এবং বিশাল ডোম। দুজনেই স্থানীয় অণ্ডাল থানা এলাকারই বাসিন্দা। ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
ঠিক কী ঘটেছিল?
নির্যাতিতার মায়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন ওই নাবালিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। অভিযোগ, সেই সময় সুরজ ও বিশাল নামের ওই দুই যুবক সেখানে হাজির হয়। নাবালিকাকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়ে জোরপূর্বক একটি নির্জন স্থানে তুলে নিয়ে যায় তারা। সেখানে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এরপর নির্যাতিতাকে অত্যন্ত বিধ্বস্ত ও রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখেই চম্পট দেয় অভিযুক্তরা।
নির্যাতিতার মা জানিয়েছেন “মেয়েকে বাড়ির বাইরে থেকে জোর করে হুমকি দিয়ে তুলে নিয়ে যায় ওই দু’জন। একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওর ওপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে।
তৎপরতা পুলিশের, ধৃতরা আদালতে
ঘটনার পরেই নির্যাতিতার পরিবারের সদস্যরা সরাসরি অণ্ডাল থানার অন্তর্গত বনবহাল ফাঁড়িতে পৌঁছান এবং ন্যায়বিচারের আর্জি জানান। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই তৎপর হন অণ্ডাল থানার ওসি ও তাঁর বিশেষ টিম। সোমবার সন্ধ্যায় সাঁড়াশি অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ধৃত সুরজ বাউরি ও বিশাল ডোমকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *