নিজস্ব প্রতিনিধিঃ ভারতে প্রথমবার ‘নেটওয়ার্ক স্লাইসিং’ প্রযুক্তি চালু করল ভারতী এয়ারটেল। সংস্থার দাবি, নতুন ‘Airtel Priority Postpaid’ পরিষেবার মাধ্যমে ভিড়পূর্ণ এলাকা, ট্রাফিক জ্যাম কিংবা বড় কোনও অনুষ্ঠানের মাঝেও গ্রাহকরা আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পাবেন।

এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শশ্বত শর্মা গ্রাহকদের উদ্দেশে এক বার্তায় জানিয়েছেন, বহু গ্রাহক অভিযোগ করেছিলেন যে জনবহুল এলাকায় ভিডিও কল, ই-মেল ডাউনলোড বা ছবি আপলোড করতে সমস্যার মুখে পড়তে হয়। সেই সমস্যার সমাধান করতেই সংস্থা ‘Airtel Priority Postpaid’ পরিষেবা চালু করেছে।

সংস্থার বক্তব্য, এই পরিষেবা সম্ভব হয়েছে তাদের ৫জি নেটওয়ার্কের সাম্প্রতিক আপগ্রেডের ফলে। ‘স্লাইসিং’ প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্ককে আরও দক্ষভাবে ভাগ করে নির্দিষ্ট গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। পশ্চিমের বহু দেশে এই প্রযুক্তি আগে থেকেই ব্যবহৃত হলেও এবার তা ভারতে নিয়ে এল এয়ারটেল।

এয়ারটেল জানিয়েছে, সমস্ত পোস্টপেড গ্রাহকরাই এই সুবিধা পাবেন। যাঁরা ইতিমধ্যেই পোস্টপেড ব্যবহার করছেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবেই এই পরিষেবা উপভোগ করতে পারবেন। অন্যদিকে প্রিপেড গ্রাহকেরা Airtel অ্যাপ অথবা নিকটবর্তী এয়ারটেল স্টোরে গিয়ে পোস্টপেডে আপগ্রেড করতে পারবেন।

তবে এই পরিষেবা ব্যবহারের জন্য প্রয়োজন ৫জি SA (Stand Alone) সমর্থিত স্মার্টফোন এবং ফোনের সর্বশেষ সফটওয়্যার আপডেট। গ্রাহকের ফোন পরিষেবার জন্য প্রস্তুত কিনা, তা Airtel অ্যাপ থেকেও পরীক্ষা করা যাবে।

এয়ারটেলের এই পদক্ষেপ দেশের টেলিকম বাজারে প্রতিযোগিতাকে আরও তীব্র করবে বলেই মনে করছে শিল্পমহল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *