‘পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা তৃণমূলের’, বাংলায় এসেই তোপ বিজেপি সভাপতি নীতিন নবীনের

নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গে পা রেখেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার দুর্গাপুর ও আসানসোলের কর্মসূচি থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ’ বানানোর ষড়যন্ত্র করছে।

‘অনুপ্রবেশকারীদের ঢাল তৃণমূল’

নির্বাচন কমিশন যখন রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও ভুয়ো ভোটার বাতিলের প্রক্রিয়া চালাচ্ছে, তখন শাসক দল কেন বাধা দিচ্ছে— সেই প্রশ্ন তোলেন নীতিন নবীন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের রাজনৈতিক স্বার্থে আড়াল করছে। রাজ্যে চলমান SIR প্রক্রিয়াকে ব্যাহত করতে “নোংরা রাজনীতি” করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিভেদের রাজনীতি করছে শাসক দল।বিজেপি সভাপতির দাবি, সাধারণ মানুষকে হয়রানি করার যে অভিযোগ তৃণমূল তুলছে তা ভিত্তিহীন। উল্টে প্রশাসনের আধিকারিকরাই সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করছেন। তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক জুলুমের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজেপি রাজ্যে স্বচ্ছ ভোট নিশ্চিত করবে।

“নারীরা নিরাপদ নয়, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে”

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নীতিন নবীন বলেন, “তৃণমূল শাসনে নারীরা নিরাপদ নয়। এখানে আইনের শাসনের বদলে নৈরাজ্য চলছে। হিন্দুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।” তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আসন্ন নির্বাচনে মানুষ এই অরাজকতার জবাব দেবে।

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে নাটকীয় মোড়: তৃণমূলের পাল্টা কটাক্ষ

এদিকে, নীতিন নবীনকে ঘিরে এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে: “বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির পর এবার নবনিযুক্ত সভাপতি নীতিন নবীনও বাংলার মাটিতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন। এ তো সবে শুরু! ২০২৬-এর ভোটে বিজেপি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ‘জয় বাংলা’ বলে ভাষণ শুরু করবেন। এটাই আমাদের চ্যালেঞ্জ!”তৃণমূলের দাবি, বাংলা এমন এক মাটি যা মাথা নত করে না, বরং নুইয়ে দেয়। এই স্লোগান বিতর্ককে হাতিয়ার করে শাসক দল বিজেপিকে জাতীয় স্তরে বিড়ম্বনায় ফেলার কৌশল নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *