দুর্গাপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড়

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার সকালে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা পতাকা নাড়িয়ে দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সত্যজিৎ রায়-সহ মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্যরা। মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা কাকুলি কর জানান, শরীর সুস্থ ও সচল রাখার বার্তা দিতেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।

এদিনের প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ম্যারাথনে প্রথম স্থানাধিকারীকে ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *