সুপ্রিম কোর্টে পিছোল I-PAC মামলার শুনানি, ১০ ফেব্রুয়ারি পরবর্তী দিন
সঙ্কেত ডেস্ক: ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I-PAC) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্থগিতাদেশের মতো পরিস্থিতি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দায়ের করা এই মামলার শুনানি পিছিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি ৩৪ পাতার বিস্তারিত হলফনামা শীর্ষ আদালতে জমা দেওয়া হয়।
সেই হলফনামার জবাব প্রস্তুত করার জন্য ইডির পক্ষ থেকে ৭ দিনের সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে। জানানো হয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বেলা ২টার পর এই মামলার পরবর্তী শুনানি হবে। ফলে অন্তত এক সপ্তাহের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি।
মঙ্গলবার আদালতে মুখ্যমন্ত্রীর আইনজীবীর সওয়াল ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ সরাসরি খারিজ করে তিনি জানান, I-PAC কর্ণধার প্রতীক জৈন ও সংস্থার অফিসে ইডির অভিযানে মুখ্যমন্ত্রী কোনওভাবেই বাধা দেননি। আইনজীবীর দাবি, ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেই মুখ্যমন্ত্রী কিছু নথিতে হাত দেন এবং সেখান থেকে কেবলমাত্র দলের সঙ্গে সম্পর্কিত গোপন ও স্পর্শকাতর কাগজপত্র সরিয়ে নেওয়া হয়।
রাজ্য সরকারের তরফে আরও স্পষ্ট করা হয়, তদন্তে অসহযোগিতার যে অভিযোগ ইডি তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আইনি প্রক্রিয়ার মধ্যেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল, দলের অত্যন্ত গোপন ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই I-PAC-এর অফিসে তল্লাশি চালায় ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই তল্লাশির নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন।
এখন রাজ্য ও মুখ্যমন্ত্রীর হলফনামার পর ইডি আগামী শুনানিতে কী যুক্তি দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
