আইপ্যাক কাণ্ডে ‘মিথ্যে’ হলফনামা, জেলে যাওয়ার ভয়ে বয়ান বদল মমতার: শুভেন্দু
সঙ্কেত ডেস্ক: আইপ্যাক (I-PAC) দফতরে ইডির তল্লাশি ও সেখান থেকে নথি সরানো সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের আক্রমণাত্মক সুরে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ইডির আইনজীবী রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য সময় চাইতেই সেই সূত্র ধরে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা।
শুভেন্দু অধিকারীর দাবি, আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজের জালেই নিজে জড়িয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, গত ৮ জানুয়ারি আইপ্যাক দফতরে ইডির অভিযানের দিন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন, “আমি সব নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি।” অথচ বর্তমানে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তিনি দাবি করছেন, ইডি অফিসারদের অনুমতি নিয়েই নথি সংগ্রহ করা হয়েছিল।এই প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, “বাচ্চা ছেলেও বুঝবে কোথায় মিথ্যে। সেদিনের ভিডিও ফুটেজেই প্রমাণ আছে যে মুখ্যমন্ত্রী ফাইল, মোবাইল ও ল্যাপটপ একপ্রকার ‘চুরি’ করেছেন।”বিরোধী দলনেতার আরও দাবি, জেলে যাওয়ার আশঙ্কাতেই মুখ্যমন্ত্রী এখন চাপে পড়ে হলফনামায় নিজের বয়ান বদল করছেন। তাঁর মতে, ঘটনার দিনের ভিডিও ফুটেজ এবং বর্তমান হলফনামার বক্তব্যের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। এটিকে মুখ্যমন্ত্রীর ‘সেলফ ডিক্লেয়ারেশন’ বা নিজের অপরাধ স্বীকারেরই নামান্তর বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি ভোটার তালিকা যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, কমিশন কোনো রাজনৈতিক দলের চিঠির উত্তর দিতে বাধ্য নয়। তাঁর দাবি, তৃণমূল ভয় পেয়েছে বলেই এসআইআর ইস্যুতে মিথ্যের আশ্রয় নিচ্ছে।
উল্লেখ্য, কয়লা পাচার মামলার সূত্রে গত ৮ জানুয়ারি আইপ্যাক দফতরে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং নথি সংক্রান্ত এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। আগামী দিনে এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
