ইতিহাসে নজির: সুপ্রিম কোর্টে আইনজীবীর গাউন পরে নিজেই সওয়াল মমতার, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি:দেশের বিচার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বুধবার আইনজীবীর কালো গাউন গায়ে চাপিয়ে খোদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনি সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘SIR’ (এসআইআর) মামলা নিয়ে শীর্ষ আদালতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন তিনি।
শুনানির সময় এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চাই। এই লড়াই দলের জন্য নয়, এটা রাজ্যের লড়াই। আমি সুবিচারের জন্য কাঁদছি।” তিনি জানান, নির্বাচন কমিশনকে ছ’বার চিঠি দিয়েও কোনও উত্তর পাননি।মমতার অভিযোগ, ভোটের আগে বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। এমনকি বিয়ের পরে পদবি বদলের অজুহাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অন্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না কেন? পাশাপাশি তিনি জানতে চান, আসামে কেন এসআইআর কার্যকর করা হচ্ছে না।নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। তিনি বলেন, “আমার কাছে কিছু ছবি আছে, আপনি চাইলে দেখাতে পারি।” পাশাপাশি অভিযোগ করেন, বিজেপি-শাসিত রাজ্যগুলি থেকে প্রায় ৮ হাজার মাইক্রো অবজারভার এনে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বিএলও-দের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে।”

মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে প্রধান বিচারপতি বলেন, প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না যায় সেটাই আদালতের উদ্দেশ্য, তবে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সওয়াল-জবাবের এক পর্যায়ে প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীকে থামিয়ে বলেন, “আপনার আইনজীবী অত্যন্ত দক্ষ, ওনাকেই সওয়াল করতে দিন।”

নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে জানানো হয়, রাজ্যের অসহযোগিতার কারণেই বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভার আনতে হয়েছে। কমিশনের আইনজীবীর দাবি, রাজ্য পর্যাপ্ত কর্মী দিলে এই পরিস্থিতি তৈরি হত না। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন যা চেয়েছে রাজ্য তা দিয়েছে। তাঁর অভিযোগ, এসআইআর-এর নামে পশ্চিমবঙ্গে যা চলছে তা ব্যাখ্যা করার জন্য তাঁর আরও সময় প্রয়োজন। এমনকি এসআইআর-এর জেরে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা ছাড়াও মোট তিনটি মামলার শুনানি হয়। দীর্ঘ সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্ট জানায়, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।তবে সব কিছুর ঊর্ধ্বে, দেশের ইতিহাসে প্রথমবার কোনও ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর এভাবে শীর্ষ আদালতে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সওয়াল করার ঘটনা নজির হিসেবেই থেকে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *