নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: খেলার মাঠে চার-ছক্কার বদলে চলল ধুন্ধুমার অশান্তি। দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার চয়নের মাঠে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ নামাতে হলো বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণে প্রকাশ স্থানীয় কল্যাণ সংঘ ক্লাবের উদ্যোগে চয়নের মাঠে তিন দিনের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রবিবার ছিল টুর্নামেন্টের দ্বিতীয় দিন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খেলা চলাকালীন এক মহিলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। অভিযোগ, এর পরেই মেজাজ হারিয়ে তিনি নিজের গাড়ি নিয়ে সরাসরি মাঠের মাঝখানে অর্থাৎ পিচের ওপর ঢুকে পড়েন। খেলার মাঝপথে পিচে গাড়ি ঢুকে পড়ায় স্তম্ভিত হয়ে যান খেলোয়াড় ও দর্শকরা। টুর্নামেন্ট কমিটির সদস্যরা মহিলার সঙ্গে কথা বলতে গেলে তীব্র বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।উত্তেজনা চরমে পৌঁছালে দুই মহিলা পুলিশ কর্মী পিচে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন উপস্থিত কয়েকজন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এসিপি-র (ACP) নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মাঠের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গাড়ি নিয়ে পিচে ঢুকে পড়া ওই মহিলাকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য কল্যাণী সংঘের সেক্রেটারিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, “একটি তুচ্ছ ঘটনা থেকে ঝামেলার সূত্রপাত হলেও পরে তা বড় আকার নেয়। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।”বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনার জেরে এদিনের মতো টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। Share Post Whatsapp Share Post navigation গ্ল্যামারাস উদ্বোধনের আড়ালে কি শুধুই প্রচার? দুর্গাপুরে ‘শিশুসাথী পার্ক’ নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন ডিপিএস দুর্গাপুরে ‘স্পেকট্রাম স্প্ল্যাশ ২০২৬’: রঙ আর ছন্দে বসন্ত বরণ