নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: বৃহস্পতি বার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে শিল্পশহর দুর্গাপুরে উত্তেজনার সৃষ্টি হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকালে দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপির দাবি, রাজ্যজুড়ে চলা ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর পোস্টার ও ফ্লেক্স লাগানো হয়েছিল। অভিযোগ, রবিবার গভীর রাতে ইন্দো-আমেরিকান মোড় এলাকায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে।
ঘটনার প্রতিবাদে এদিন সকালে বিজেপি কর্মী-সমর্থকরা ইন্দো-আমেরিকান মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এর জেরে ব্যস্ত এই এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়।
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রশাসনকে নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপ এবং দোষীদের খুঁজে বের করার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে শাসক দল তৃনমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।