নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখা। একটি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় ৩৩ লক্ষ ৩১ হাজার টাকা মূল্যের একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হল রেড ক্রসের হাতে।
বৃহস্পতি বার-এর সিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম।
নতুন এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জরুরি স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অ্যাম্বুলেন্সটিতে উন্নত মানের জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম সংযোজিত রয়েছে, যার মাধ্যমে গুরুতর অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি-এর দুর্গাপুর শাখা দীর্ঘদিন ধরেই মানবিক পরিষেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। নতুন এই অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত হওয়ার ফলে সেই পরিষেবা আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষ, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে, দ্রুত চিকিৎসা সহায়তা পেতে পারবেন।
প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। এর ফলে দুর্গাপুর ও সংলগ্ন এলাকার বহু মুমূর্ষু রোগী দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হবেন এবং অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।