জলের এটিএম এখন ‘মৃতদেহ’! দুর্গাপুরে ফুল-মালা দিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ’ বিজেপির

নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: কয়েক বছর আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল। লক্ষ্য ছিল শহরবাসীকে নামমাত্র মূল্যে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু আজ সেই ‘জলের এটিএম’গুলি কার্যত মূর্তিতে পরিণত হয়েছে। এই অচল ব্যবস্থার প্রতিবাদ জানাতেই রবিবার দুর্গাপুরে এক অভিনব ও বিদ্রুপাত্মক আন্দোলনে নামল বিজেপি।

রবিবার সকাল ১০টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং ইএসআই হাসপাতাল চত্বরে জমায়েত হন বিজেপি নেতা-কর্মীরা। তবে তাঁদের হাতে কোনো কালো পতাকা বা গতানুগতিক প্ল্যাকার্ড ছিল না। বরং হাতে ছিল ফুল, মালা এবং ধূপকাঠি। অচল হয়ে পড়ে থাকা জলের এটিএমগুলিতে মালা পরিয়ে, ধূপ জ্বালিয়ে রীতিমতো প্রতীকী ‘শ্রাদ্ধ’ ও ‘শ্রদ্ধাঞ্জলি’ জানান বিজেপি নেতৃত্ব।
বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তরুণ দাসের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তাঁদের অভিযোগ,দুর্গাপুর নগর নিগম শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৬টি জলের এটিএম বসিয়েছিল।বর্তমানে তার অধিকাংশ ইঁট-পাথরের খাঁচায় পরিণত হয়েছে। পরিশ্রুত জল পাওয়া তো দূরের কথা, রক্ষণাবেক্ষণের অভাবে মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে।পুরসভাকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি।

বিক্ষোভকারীদের দাবি, বিশেষ করে হাসপাতাল সংলগ্ন এলাকায় এই এটিএমগুলি সচল থাকা অত্যন্ত জরুরি ছিল। কারণ, দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজনদের চড়া দামে জল কিনে খেতে হচ্ছে। অথচ সরকারি পরিকাঠামো সামনে থেকেও অকেজো হয়ে পড়ে আছে।
বিজেপির এই ‘শ্রাদ্ধানুষ্ঠান’ ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। অনেক সাধারণ মানুষকেও দাঁড়িয়ে এই অভিনব প্রতিবাদ দেখতে দেখা যায়। বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, দ্রুত এই এটিএমগুলি সচল না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *