দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা: জোনাল মার্কেটে ফলের দোকানে ঢুকল গাড়ি, মৃত ১

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:দুর্গাপুরের বিধাননগর জোনাল মার্কেট সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।একটি দ্রুতগামী চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়লে প্রাণ হারান এক ব্যক্তি। এই ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার স্বাভাবিক ছন্দেই চলছিল জোনাল মার্কেটের কেনাবেচা। আচমকাই একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ফলের দোকানে সজোরে ধাক্কা মারে। সেই সময় দোকানের সামনে দাঁড়িয়ে ফল কিনছিলেন বেশ কয়েকজন ক্রেতা। গাড়ির ধাক্কায় তাঁরা ছিটকে পড়েন।দুর্ঘটনায় গুরুতর জখম হন ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মৃতের নাম গোপাল প্রসাদ বার্নোয়াল (৫৭)। অন্যদিকে, এই দুর্ঘটনায় এক শিশুসহ মোট তিনজন আহত হন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটিসহ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ঘাতক গাড়িটি এবং তার চালককে আটক করেছে। যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসতর্কতা— ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।এসিপি সুবীর রায় বলেন, “গাড়িটর সম্বন্ধে খোঁজ নেওয়া হচ্ছে। কি ভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *