নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ভরদুপুরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল শিল্পাঞ্চলের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভ্যাম্বে কলোনি এলাকা। ১০৪ নম্বর বুথকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি এবং মদের বোতল ছোড়ার অভিযোগে চরম উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আসরে নামতে হয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে।
এদিন দুপুরে দুর্গাপুর পূর্বের ভ্যাম্বে কলোনির ১০৪ নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তিনি বুথে পৌঁছবামাত্রই সেখানে উপস্থিত ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যে বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। বিজেপির দাবি, বচসা চলাকালীন আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের লক্ষ্য করে মদের বোতল ছুড়তে শুরু করে।
বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সপাটে অভিযোগ,
“তৃণমূল পরাজয়ের ভয়ে এখন মরিয়া হয়ে উঠেছে। বুথের সামনে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছিল। আমি প্রতিবাদ করতেই ওরা মদের বোতল নিয়ে হামলা চালায়। এলাকায় সন্ত্রাস তৈরি করাই ওদের মূল লক্ষ্য।”অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের পাল্টা দাবি, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে এসে বুথের পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছিলেন। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার প্রতিবাদ জানিয়েছে মাত্র। ‘বোতল ছোড়া’র তত্ত্বকে বিজেপির ‘নাটক’ বলেও কটাক্ষ করেছে শাসক শিবির।
সংঘর্ষের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দফায় দফায় লাঠি উঁচিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে ভাব বজায় রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পিকেট।
ভোটের দুপুরে এই ‘বোতল-রাজনীতি’ ও হাতাহাতির ঘটনায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। তবে দিনের শেষে দোষ কার, সেই চাপানউতোর ঘিরেই সরগরম শিল্পাঞ্চলের রাজনৈতিক অলিন্দ।