নিজস্ব প্রতিবেদক: পানাগড় বায়ুসেনা ছাউনির সামনে গ্যাস লিকের ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়াল। গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকের দিকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে। পরিস্থিতি বুঝে ট্রেলারটিকে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড় করানো হয়। ঘটনাটি ঘটে কাঁকসার বিরুডিহায় বায়ুসেনা ছাউনির গেটের কাছে, কলকাতা-গামী লেনে। ট্রেলারটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পড়ায় কলকাতা-গামী লেনে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল কর্মীরা গোটা এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের। প্রায় এক ঘণ্টা পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। দমকল আধিকারিকদের বক্তব্য, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়। গাড়ির চালক ও খালাসি সময়মতো ট্রেলার থামিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সভা শেষে ক্ষোভে ফেটে পড়লেন বর্ষীয়ান নেতা ফর্ম সেভেন জমা ঘিরে উত্তেজনা, মহকুমা শাসক দপ্তর ঘেরাও বিজেপির